সুন্দরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আরাফাত উল ইসলাম
- আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৫নং দহবন্দ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরাফাত উল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
পরিদর্শনকালে মো. আরাফাত উল ইসলাম বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলাই তার লক্ষ্য। দহবন্দ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আরাফাত উল ইসলাম এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, দহবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডলার মন্ডল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দহবন্দ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সিফাত হোসেইন, দহবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহজাহান মন্ডলের ছোট ভাই ফরহাদ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে আরাফাত উল ইসলাম সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

























