অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই হোটেলে জরিমানা
- আপডেট সময় : ০৯:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে দুই হোটেল ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পৌরশহরের স্বাধীনতা চত্বর সংলগ্ন সাগর হোটেল ও মিঠু হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে দুই হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর আওতায় সাগর হোটেলকে ২ হাজার টাকা এবং মিঠু হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, ‘অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও অপরিচ্ছন্ন রান্নাঘর পাওয়া গেছে। এ কারণে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খাবারের মান ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বা বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’




















