সুন্দরগঞ্জ থানার নতুন ওসি সেলিম রেজা, জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয়
- আপডেট সময় : ১১:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সেলিম রেজা।
সোমবার (৫ অক্টোবর) গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে সুন্দরগঞ্জ থানার ওসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়।
এর আগে তিনি কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবং সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে পরিচিত কর্মস্থলে নতুন দায়িত্ব নিয়ে জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয় জানিয়েছেন তিনি।
অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা, বিপি-৭৬৯৬০০৬৯২৫-কে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে জেলার আরও চার পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, সোমবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগ দেন সেলিম রেজা। এ সময় সদ্যবিদায়ী ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ ও থানায় কর্মরত পুলিশ সদস্যরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

সুন্দরগঞ্জ থানায় দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা থাকায় নতুন দায়িত্বকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন সেলিম রেজা। ইতোপূর্বে তিনি এ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও থানার কার্যক্রম সম্পর্কে তাঁর পূর্ব অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আগ্রহ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
দায়িত্ব নেওয়ার পর মো. সেলিম রেজা বলেন, ‘সুন্দরগঞ্জ আমার কাছে নতুন কোনো জায়গা নয়। এর আগে এখানে দায়িত্ব পালন করেছি। এবার আরও বড় দায়িত্ব নিয়ে এসেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। থানায় সেবা নিতে আসা মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। অপরাধ দমনে পুলিশ একা নয়, জনগণকেও সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সুন্দরগঞ্জের মানুষের সহযোগিতা নিয়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব।’

















