গাইবান্ধায় ৫১ ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের মোছা. শাহনাজ বেগম মঙ্গলী (৪৫) ও তার স্বামী মো. তাজুল ইসলাম (৪৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল সবুজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শাহনাজ বেগমের টিনশেড বসতঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেফতার করা হয়।
পরে নারী পুলিশ সদস্য দিয়ে শাহনাজ বেগমের শরীর তল্লাশি করে তার পরিহিত থ্রি-পিসের পায়জামার কোমরের গোচরে রাখা ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’




















