টেকনাফে পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাহিদ হাসানের ছেলে মো. এরশাদ (১২) ও একই ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে খলিলুর রহমান (১১)।
ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম জানান, বিকেলের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার পুকুরে কয়েকজন শিশু গোসল করছিল। এ সময় সাঁতার কাটতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মৌচনী ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

























