অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা
- আপডেট সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ফাহিম মিয়া (৩২) নামে এক হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে অবস্থিত আশামনি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানাপ্রাপ্ত মো. ফাহিম মিয়া ছাপড়হাটী ইউনিয়নের মরুয়াদহ গ্রামের মো. চান মিয়ার ছেলে। তিনি আশামনি হোটেলের মালিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেলটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। খাবার তৈরিতে পরিচ্ছন্নতা বজায় না রাখায় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়। এ কারণে আইন অনুযায়ী জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য হোটেল মালিককে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী সেবাদানে অবহেলা বা অসতর্কতার মাধ্যমে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানির কারণ সৃষ্টির অপরাধে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হোটেল মালিককে ভবিষ্যতে সতর্ক থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’






















