অনিয়মের দায়ে রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলার পবা উপজেলার দারুশা কর্ণহার এলাকায় অবস্থিত ‘মতিউর ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পাম্পটির কার্যক্রমে একাধিক অনিয়ম ও অসংগতি ধরা পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান জানান, পাম্পটি প্রয়োজনীয় অনুমোদন ও প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। পাশাপাশি বিক্রির পর গ্রাহকদের কোনো রশিদ দেওয়া হচ্ছিল না। তেল মজুতের হিসাবেও অসামঞ্জস্য পাওয়া যায়।
তিনি আরও বলেন, সার্বিক অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তারা, মনিটরিং টিম এবং র্যাব-৫ সদস্যরা উপস্থিত ছিলেন।


























