সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন
- আপডেট সময় : ০৯:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, বিমানবন্দরের দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। আগুনে কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পুড়ে গেছে এবং সার্ভার রুমে ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, হঠাৎ সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সার্ভার রুম হওয়ায় সেখানে সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে, তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও সার্ভার রুমে কিছু সময় ধোঁয়া ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম চালু করার চেষ্টা করা হচ্ছে।


























