এবার একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- আপডেট সময় : ০৪:১৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

আগামী ৭ জানুয়ারি অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ রোববার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
অমর একুশে বইমেলা ভাষার মাস ফেব্রুয়ারিজুড়ে অনুষ্ঠিত হয়। তবে চলতি বছর ২০২৬-এ এর ব্যতিক্রম ঘটে। ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলে ১৫ মার্চ পর্যন্ত। তবে সে সময় পবিত্র রমজান মাস পড়ায় মেলা আয়োজন না করার দাবি জানিয়েছিলেন প্রকাশকেরা। সে দাবি পূরণ হয়নি, বেচাবিক্রিও ভালো হয়নি।
এবারও প্রকাশকদের একই দাবি ছিল। তাঁদের দাবির ভিত্তিতেই এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভায় মেলার এই তারিখ (৭ জানুয়ারি) নির্ধারণ করে বাংলা একাডেমির কাছে আবেদন করা হয়। সমিতির প্রস্তাবিত তারিখ মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলা একাডেমি। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ও বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। মিতালী প্রেস অ্যান্ড পাবলিকেশনের এই প্রকাশক বলেন, ‘আমরা সর্বসম্মতিতে এ তারিখ নির্ধারণ করেছিলাম। সমিতির সদস্যরা জানিয়েছেন গতবারের অভিজ্ঞতা তাঁদের ভালো নয়। তাই সবাই জানুয়ারিতে মেলার পক্ষে সম্মতি দিয়েছিলেন।’
মেলার নতুন তারিখ নিয়ে সন্তুষ্ট প্রকাশকেরা। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গতবার আমাদের বিক্রি খুব খারাপ হয়েছে। তখন থেকেই আমরা প্রকাশকদের দাবি ছিল রমজান মাসে আর বইমেলা না হোক। এবার আমরা যে তারিখ প্রস্তাব করেছি, সে তারিখেই মেলা হচ্ছে।’

















