নায়িকার ৮ ব্যাংকে মাত্র ৩৬ হাজার!
- আপডেট সময় : ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

টালিউডের পরিচিত মুখ ও গ্ল্যামার জগতের তারকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে সামনে এসেছে চমকপ্রদ এক তথ্য। বিলাসবহুল জীবনযাপন করলেও তার ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ অবাক করার মতোই কম।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তার নামে থাকা ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মোট সঞ্চয় মাত্র ৩৫ হাজার ৯৭৮ রুপি। এছাড়া তার হাতে নগদ রয়েছে ৪৩ হাজার ১২৭ রুপি।
হলফনামার তথ্য অনুযায়ী, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও অধিকাংশ অ্যাকাউন্টেই রয়েছে খুব সামান্য পরিমাণ অর্থ। কোথাও কয়েক হাজার, কোথাও আবার কয়েক শ রুপি জমা রয়েছে। এমনকি একটি অ্যাকাউন্টে ব্যালেন্স দেখানো হয়েছে মাত্র ১ রুপি।
অন্যদিকে, বাস্তব জীবনে তার জীবনযাত্রার চিত্র ভিন্ন। ২০১৮ সালে কেনা প্রায় ৪৩ লাখ রুপির একটি বিলাসবহুল Mercedes-Benz গাড়ির মালিক তিনি। এছাড়া সোনার গয়না ও অন্যান্য অলঙ্কার মিলিয়ে রয়েছে প্রায় দেড় লাখ রুপির সম্পদ।
তবে সম্পদের পাশাপাশি ঋণের পরিমাণও কম নয়। গাড়ি, ব্যক্তিগত এবং ক্রেডিট কার্ডের বকেয়া মিলিয়ে তার মোট দেনা প্রায় ৪০ লাখ রুপির কাছাকাছি। এর সঙ্গে রয়েছে বকেয়া জিএসটি।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও তার নিজের নামে কোনো ফ্ল্যাট, বাড়ি বা চাষযোগ্য জমি নেই। ২০২০-২১ অর্থবছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১১ লাখ রুপির কিছু বেশি।


























