চন্দনাইশে ভাঙাচোরা সড়ক সংস্কারে এলাকাবাসীর আবেদন
- আপডেট সময় : ১০:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা প্রধান সড়কটি সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আজিজুর রহমান নামের এক স্থানীয় যুবক গণস্বাক্ষরসহ এ আবেদনপত্র জমা দেন। এতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়নও সংযুক্ত করা হয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, মধ্যম কানাইমাদারি আদর্শ পাড়া নতুন বাড়ি এলাকার প্রধান সড়কটি প্রায় ২৪ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে এটি এলাকাবাসীর জন্য একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা আর শুকনো মৌসুমে ধুলোবালির কারণে তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন।
আবেদনকারী আজিজুর রহমান বলেন, ‘শৈশব থেকেই আমরা এই সড়কের দুরবস্থার মধ্যে দিয়ে চলাচল করছি। কোনো জনপ্রতিনিধি এখনো কার্যকর উদ্যোগ নেয়নি। সম্প্রতি বিষয়টি সংবাদে প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে আবেদন করতে বলা হয়। তাই আমরা এলাকাবাসীর স্বাক্ষর নিয়ে আবেদন করেছি।’
তিনি আরও বলেন, ‘এ সড়ক দিয়ে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ চলাচল করেন। দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এবং আশপাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব হোসেন বলেন, তিনি তখন বাইরে থাকায় আবেদনটি এখনো হাতে পাননি। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সড়কটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।





















