জিও ব্যাগ লুটে তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে
- আপডেট সময় : ০৮:৪৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর লঞ্চঘাট এলাকার দক্ষিণ পাশে মেঘনা নদীর তীর রক্ষায় স্থাপিত জিও ব্যাগ লুটের ঘটনায় প্রকল্পটি হুমকির মুখে পড়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্থানীয়দের একটি অংশ নদীর তীরে ফেলা জিও ব্যাগ কেটে ভেতরের বালু ফেলে খালি বস্তা নিয়ে যেতে দেখা যায়। এতে নদীভাঙন প্রতিরোধে নেওয়া গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে বাড়ির আঙিনায় পানি জমে যাওয়ায় তা প্রতিরোধে ব্যবহারের জন্য তারা এসব বস্তা নিয়ে যাচ্ছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে জিও ব্যাগগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় তারা তা কাজে লাগাচ্ছেন।
তবে সচেতন মহলের মতে, এভাবে জিও ব্যাগ সরিয়ে নেওয়া হলে নদীর তীর রক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।
এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ জানান, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

























