জয়পুরহাটে জাকের পার্টির দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন
- আপডেট সময় : ০৪:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক খাজাবাবা ফরিদপুরী’র (কুঃ ছেঃ আঃ) পবিত্র ওফাত স্মরণে ‘মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ’ উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট বগুড়া সাংগঠনিক বিভাগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি)। তিনি বলেন, ইসলামের সঠিক দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আধ্যাত্মিক শিক্ষার প্রসারে তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু শরিফ। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ও বগুড়া সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এ সময় ডা. মোজাম্মেল হক, মো. ইউসুফ আলী, মোহাম্মদ রেজওয়ান ফারুক ও মো. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা খাজাবাবা ফরিদপুরীর জীবনাদর্শ তুলে ধরে তার অনুসরণে সমাজ গঠনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

























