সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

এলপিজি গ্যাসের দাম বেশি নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন এলপিজি গ্যাসের দাম বেশি নেওয়ার অভিযোগে ‘মেসার্স নিপু এন্টারপ্রাইজ’-কে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মে ‘মেসার্স আল আমিন এন্টারপ্রাইজ’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারে রুপচাঁদা ও পুষ্টি ব্র্যান্ডের ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। রুপচাঁদার ডিলার ‘সঞ্জয় এন্ড ব্রাদার্স’-এ প্রায় ২৩ হাজার লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া গেছে, যা খুচরা পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। মূল্য যাচাইয়ে অতিরিক্ত দাম নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বাজারে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























