নিরাপদ ঘাটলার দাবিতে মানববন্ধন, ঝুঁকিতে নারী ও শিশু
- আপডেট সময় : ০৪:৫৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় দক্ষিণ মূলচর নদীতীরে নিরাপদ ও স্থায়ী ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গাজীবাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে আয়োজিত মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, নদীতীরবর্তী এ এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ নিম্ন আয়ের হওয়ায় অনেক পরিবারের নিজস্ব টিউবওয়েল নেই। ফলে দৈনন্দিন কাজ, বিশেষ করে গোসলের জন্য তাদের নদীর পানির ওপর নির্ভর করতে হয়।
তারা আরও বলেন, নিরাপদ ও স্থায়ী কোনো ঘাট না থাকায় নারী, শিশু ও বয়স্কদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদীতে নামতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির উচ্চতা ও স্রোত বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী বাঁধ নির্মাণ কাজ করলেও ঘাটলা নির্মাণের পরিকল্পনা মসজিদের পশ্চিম পাশে নেওয়া হয়েছে, যা বিভিন্ন এলাকা থেকে আসা নারীদের জন্য অসুবিধাজনক। এতে তাদের মসজিদ অতিক্রম করে যেতে হবে, যা সামাজিক ও বাস্তবিক দিক থেকে সমস্যার সৃষ্টি করবে।
এ পরিস্থিতিতে জনদুর্ভোগ বিবেচনায় গাজীবাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী ঘাটলা নির্মাণের দাবি জানান তারা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল জানান, বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করে ঘাটলা নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে।

























