গাইবান্ধা সমবায় কমিটি গঠন, সাধারণ সম্পাদক ইফতেখার পপেল
- আপডেট সময় : ০৪:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের গাইবান্ধা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ(ইউসিসিএ)’র সভাপতি মোঃ আবু সাইফ ইফতেখার হোসেন (পপেল)।
১৫ ডিসেম্বর অনুষ্ঠিত সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৫ মার্চ ২০২৬ তারিখে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের তারিখ থেকে আগামী তিন (০৩) বছর মেয়াদে এ কমিটি কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এস এম আনজুনুর জামান বকসী (ডিজু), সহ-সভাপতি হয়েছেন মোঃ আবু জাফর লেলিন মিয়া।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাদেকুল ইসলাম নান্নু (ফুলছড়ি), মোছাঃ লাকী বেগম (পলাশবাড়ী), মোঃ সাজেদুর সালেহীন (সাঘাটা) ও মোঃ সাইফুল ইসলাম (সাদুল্লাপুর)।
ফেডারেশন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির মূল লক্ষ্য হচ্ছে জেলা পর্যায়ে কৃষি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও ন্যায্যমূল্যে বিপণন নিশ্চিত করা। পাশাপাশি সমবায় সমিতিগুলোর সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা হবে।
এছাড়াও কৃষি, পল্লী উন্নয়ন ও সমবায় সংশ্লিষ্ট সরকারি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, কৃষক সমবায়ীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু সাইফ ইফতেখার হোসেন (পপেল) বলেন, “বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের গাইবান্ধা জেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। এছাড়াও, জেলার সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এক্ষেত্রে তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


























