বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
- আপডেট সময় : ০৪:৩৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন থেকে আয় কমেছে। গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজ করলে বিষয়টি নিয়ে এআই যে সারসংক্ষেপ তুলে ধরে, তার কারণেই এমনটি হয়েছে। বিজ্ঞাপন আয় কমার খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে।
অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার বলেন, সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে কথোপকথনের মতো সরাসরি উত্তর দিয়ে দেয় গুগলের ‘এআই মোড’। এর ফলে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে গুগল সার্চে যে প্রচলিত ফলাফল আসে, সেগুলোর পাশে দেখানো বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে। তবে নতুন এই সার্চ ব্যবস্থা নিয়ে আশাবাদী শিন্ডলার।
.
বিশ্বজুড়ে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার ক্ষেত্রে গুগলের যে ভূমিকা রয়েছে, তা এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। লাখ লাখ মানুষ এখন গুগলের সার্চ ইঞ্জিনের বদলে চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআই ব্যবহার করছে। চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআইভিত্তিক চ্যাটবট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের বিস্তারিত জবাব পাওয়া যায়।
গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান কিম স্কট বলেন, গুগল বরং নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে নিজেদের সার্চ ব্যবসার ক্ষতি করতেও রাজি, তবু অন্য কোনো প্রতিষ্ঠানকে তার ব্যবসার জায়গা দখল করতে দিতে চায় না। তিনি বলেন, গুগল প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি ছিল প্রযুক্তি খাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা। এতে যদি স্বল্পমেয়াদে ক্ষতি হয়, তাতে তাদের আপত্তি নেই।
.
বুধবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করে অ্যালফাবেট। এতে বলা হয়, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির মোট আয় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা অনুযায়ী আয় করতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশেষ করে বিজ্ঞাপন আয় প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর অ্যালফাবেটের শেয়ারের দাম ১২ শতাংশের চেয়ে বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বৃহস্পতিবার দিন শেষে শেয়ারবাজারে অ্যালফাবেটের মোট বাজারমূল্য কমে ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, অ্যালফাবেটের সার্চ ব্যবসার হতাশাজনক ফলাফল দেখিয়ে দিয়েছে, এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থ জোগানোর পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর শক্ত অবস্থান ধরে রাখা কতটা কঠিন।
























