রায়গঞ্জে অনুমোদনহীন ৬ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
- আপডেট সময় : ১২:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছয়টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলমসহ পুলিশ, র্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
অভিযান চলাকালে দেখা যায়, বেশ কয়েকটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে ইট পোড়ানো হচ্ছিল, যা আশপাশের পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর।


























