গাইবান্ধা শহর পরিচ্ছন্ন রাখতে ফজরের পর ঝাড়ু হাতে এমপি আব্দুল করিম
- আপডেট সময় : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ফজরের নামাজের পর শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাস্তায় নামেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মো. আব্দুল করিম সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী ফয়সাল কবীর রানা, গাইবান্ধা শহর আমীর ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নুরুন্নবী সরকার, শহর শিবিরের সভাপতি মো. হুমায়ুন ফারহান সাদিকসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী। তারা শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
নবনির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। একজন এমপি নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ায় সাধারণ নাগরিকরাও সন্তোষ প্রকাশ করেন।
কর্মসূচি শেষে সংসদ সদস্য আব্দুল করিম সরকার বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে হবে। একটি পরিচ্ছন্ন দেশ গড়তে হলে সবার আগে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষার অংশ হিসেবেই এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। গাইবান্ধা শহরের ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালানো হবে বলেও তিনি জানান।

















