জনগণ নির্বাচন বানচাল করতে দেবে না-মুশফিকুর রহমান
- আপডেট সময় : ০৩:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু জনগণ নির্বাচন বানচাল করতে দেবে না। কারণ ১৫ বছর পর এই প্রথম মানুষ মুক্ত মনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি’র প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের খরমপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনে কথা বলেন।
এ সময় তিনি বলেন, ওভারল সারা বাংলাদেশে একটা ভাবনা হচ্ছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা আশা করছি জনগণের সাহায্য, সহযোগিতায় এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাব।
এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে সাড়ে চার কোটি যুবক ভোটার রয়েছেন। যুবকদের সমস্যা দূর করতে পারলে দেশের উন্নয়ন হবে। গত ১৬ বছর দেশে দুর্নীতি ও মাদক ভরে গেছে। আমাদের বড় শত্রু হলো মাদক। এই মাদক ও চোরাচালনের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় তিনি যুবকদের সম্পৃক্ত করে মাদকমুক্ত উন্নত কসবা-আখাউড়া গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুশফিকুর রহমান আরো বলেন, তিনি নির্বাচিত হলে (কসবা–আখাউড়া) অঞ্চলের সার্বিক উন্নয়নে চারটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বেকারত্ব দূরীকরণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ইমাম ও খতিবদের সম্মাননা বৃদ্ধি এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।
এ সময় সাবেক কৃষক দলের কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য মো, বিল্লাল খন্দকার, বিএনপি নেতা মো, হানিফ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























