কেটি পেরি, ব্ল্যাকপিংকের সঙ্গে বিশ্বকাপ উদ্বোধনে বাংলাদেশের ডিজে সঞ্জয়
- আপডেট সময় : ০৭:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী জুনে। এবারের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে যুক্ত হয়েছে বড় চমক। বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাকপিংকের সঙ্গে মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ডিজে সঞ্জয়।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে। সেখানে কেটি পেরির পাশাপাশি পারফর্ম করবেন ডিজে সঞ্জয়, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদা আলাদা উদ্বোধনী আয়োজন থাকবে। প্রতিটি আয়োজনে থাকবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা।
মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মনা, আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। সেখানে মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক সংস্কৃতির মিশ্রণ তুলে ধরা হবে, পাশাপাশি ব্ল্যাকপিংকের পরিবেশনাও থাকবে।
কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। এই আয়োজনে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কেটি পেরির সঙ্গে ডিজে সঞ্জয়ের পারফরম্যান্সকে ফিফা একটি উচ্চশক্তির সংগীত উৎসব হিসেবে বর্ণনা করেছে।
লস অ্যাঞ্জেলেসে দীর্ঘদিন ধরে বসবাসরত ডিজে সঞ্জয় (সঞ্জয় দেব) আন্তর্জাতিক সংগীত প্রযোজনা ও ডিজে পারফরম্যান্সে পরিচিত। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে তার অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এবারের বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৭২৭ মিলিয়ন মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে।


























