রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্যাপন
- আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় বের করা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
পাশাপাশি ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ-এর উদ্যোগেও দিনটি পালিত হয় নানা আয়োজনে। সকালে বের করা হয় বৈশাখী র্যালি, যেখানে ধ্বনিত হয়—”এসো হে বৈশাখ, এসো এসো”।
কলেজের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। “করাতীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব শুধু আনন্দের নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। নতুন বছরে আমরা সবাই মিলে একটি সুন্দর, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে কাজ করবো এই প্রত্যাশা করি।”
ধানগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সনাতন কুমার বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে বৈশাখী আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই শিক্ষার্থীরা বইয়ের পাশাপাশি সংস্কৃতির সাথেও যুক্ত থাকুক এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠুক
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বৈশাখী মেলা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। মেলায় স্থানীয় বিভিন্ন স্টলে গ্রামীণ পণ্য ও মুখরোচক খাবারের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
এদিকে রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজেও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয় এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক। এতে নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতির প্রতি আগ্রহ আরও জোরদার হয়।
তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও নিজ নিজ উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন করে। যা পুরো রায়গঞ্জজুড়ে এক আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের মিলনমেলায় পরিণত হয়।
সব মিলিয়ে উৎসবের আমেজে রায়গঞ্জবাসী বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪৩৩।

























