প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
- আপডেট সময় : ০৮:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে আজ। প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। তবে সেঞ্চুরি মাত্র দুটি। দুটিই আবার একই দলের হয়ে। খুলনার হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান। রাজশাহীতে বরিশাল–ঢাকা ম্যাচটি অবশ্য ভেজা আউটফিল্ডের কারণে শুরুই হয়নি।
.
দলের আর কোনো ব্যাটসম্যান করতে পারেননি ২০ রানও। আলাদা কেবল নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুন—তাঁদের দুজনের সেঞ্চুরিতে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটে ২২০ রান করে প্রথম দিন শেষ করেছে খুলনা।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি পাওয়া মিঠুন ১৬৯ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করে আউট হয়ে গেছেন। তবে ১৮০ বলে ১০৪ রান করা নুরুল অপরাজিত আছেন এখনো। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি। ময়মনসিংহের পেসার ইয়াসিন আরাফাত নিয়েছেন ৪ উইকেট।
.
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিলেটকে ২১৮ রানে অলআউট করেছে চট্টগ্রাম। সিলেটের হয়ে ফিফটি পেয়েছেন শুধু আশরাফুল হাসান। তিনি করেছেন ৫১ রান। জাতীয় দলের হয়ে এক টেস্ট খেলা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নেন ৪ উইকেট।
ব্যাটিংয়েও শুরুটা মন্দ হয়নি চট্টগ্রামের। ৬৪ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল তারা। তবে দিন শেষ হওয়ার এক বল আগে আউট হয়ে গেছেন ওপেনার সাদিকুর রহমান। ৩৫ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান।
.
বগুড়ায় রংপুরের বিপক্ষে ভালো অবস্থায় নেই রাজশাহী। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর এস এম মেহরবের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে তারা। মেহরব ৮২ আর তাঁর সঙ্গে ২৮ রানে অপরাজিত আছেন নিহাদ–উজ–জামান। ৬ উইকেট হারিয়ে প্রথম দিন শেষে রাজশাহীর রান ১৫৫।
.আবার কেন মিরপুরে এমন উইকেট

























