ধানক্ষেতে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের
- আপডেট সময় : ০৩:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ধানক্ষেতে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহা বেপারী পাড়া এলাকায় স্থানীয়দের খবরের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি মরা পদ্মা নদীর তীরবর্তী একটি ধানক্ষেতে পড়ে ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম রবি (৩৫) হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সোমবার (২৩ মার্চ) গভীর রাতে সেচ পাম্পের বৈদ্যুতিক তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত ব্যক্তির সঠিক পরিচয় শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


























