ডোমারে ঝাড়ু হাতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার
- আপডেট সময় : ০৬:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন তিনি। এ সময় হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেন।
সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। এখানে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন। তাই এর পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, জনপ্রতিনিধির এমন সরাসরি অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে এবং স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


























