সিরাজগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ নিয়ে আলোচনা
- আপডেট সময় : ০৮:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জে দলটির অনেক নেতা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ অবস্থায় জেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতার সাক্ষাৎ ও ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কয়েকজন আলোচিত নেতা সম্প্রতি বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে কানাঘুষা থাকলেও প্রকাশ্যে কেউ কথা বলতে চাইছেন না।
যাদের নাম আলোচনায় এসেছে, তাদের মধ্যে রয়েছেন আল আমিন, কানু জুয়েলার্সের মালিক কানু, আব্দুস সাত্তার ওরফে বালু সাত্তার এবং ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল হক। তাদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
অনুসন্ধানে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের নেতাদের নিজ নিজ এলাকায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচনে সহযোগিতার বিনিময়ে মামলা প্রত্যাহার ও হয়রানি না করার আশ্বাস দেওয়া হয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
তবে এ বিষয়ে জেলা বিএনপি বা আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চা চলছে।


























