রমজান উপলক্ষে জামালপুরে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ
- আপডেট সময় : ১২:০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সেহরি ও ইফতারে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে জামালপুর সদর উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘মাহে রমজান ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজনীন আখতার বলেন, রমজান মাসে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সেহরি ও ইফতারের খাদ্য নিশ্চিত করা একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের সংগঠিত উদ্যোগ শুধু তাৎক্ষণিক খাদ্য সহায়তাই নয়, বরং সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। এ ক্ষেত্রে দোস্ত এইডের মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংগঠন সূত্রে জানা যায়, প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে রয়েছে ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ এবং ১ কেজি মুড়ি। পাশাপাশি শিশুদের জন্য ললিপপ ও বিস্কুটও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৫২ কেজি ওজনের এসব খাদ্য প্যাকেট একটি পরিবারের পুরো রমজান মাসের সেহরি ও ইফতারের চাহিদা পূরণে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, রমজানকে কেন্দ্র করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী একটি বিস্তৃত মানবিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় প্রায় ২০ হাজার ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ, এক লক্ষ মানুষের জন্য ইফতার আয়োজন, সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদ পোশাক বিতরণ এবং যাকাতভিত্তিক বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস। এতে আরও উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, একাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবুল কালাম আজাদ রাজন, এসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া, সাংবাদিক মাসুদুর রহমানসহ দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও সংশ্লিষ্ট দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

























