নির্মাণাধীন ঘর থেকে ১৬ কেজি গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক
- আপডেট সময় : ০৪:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন একটি তালাবদ্ধ ঘর থেকে চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। গাছগুলোর ডালপালাসহ ওজন ১৬ কেজি। এ ঘটনায় আলম মিয়া (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে গাঁজা চাষের অভিযোগে মামলা হয়েছে। তবে অভিযানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আলম মিয়া উপজেলার বড় সাতাইল বাতাইল গ্রামের মৃত কিনা আকন্দের ছেলে।
পুলিশ জানায়, আলম মিয়ার নিজস্ব জমিতে নির্মাণাধীন একটি তালাবদ্ধ ঘরের ভেতরে গাঁজার গাছগুলো চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে গাছগুলোর ডালপালাসহ ওজন করে ১৬ কেজি পাওয়া যায়।
এ ঘটনায় আলম মিয়ার বিরুদ্ধে গাঁজা চাষের অভিযোগে মামলা হয়েছে। তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম বলেন, ‘নির্মাণাধীন ঘর থেকে চারটি গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’






















