গাইবান্ধায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার গন্ধর্ববাড়ী গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৩৪) এবং ফুলবাড়ী মিস্ত্রিপাড়া এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ সময় জনৈক রাসেলের দোকানসংলগ্ন সড়ক থেকে ৫০০ পিস ইয়াবাসহ বেলাল ও শহিদুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় ১৪টি মামলা চলমান রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’























