রাজপরিবারের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরতে চান হ্যারি
- আপডেট সময় : ০১:৫৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পুরোনো টানাপোড়েন কাটিয়ে যুক্তরাজ্যের রাজপরিবারের সঙ্গে আবার সুসম্পর্ক গড়তে চান প্রিন্স হ্যারি। ব্রিটিশ সাময়িকী জিকিউ–কে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। হ্যারির আশা, ছয় বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কারণে বাবা রাজা চার্লস ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর যে দূরত্ব তৈরি হয়েছে, তা শিগগিরই কেটে যাবে।
রাজা চার্লসের ছোট ছেলে হ্যারি। তাঁর স্ত্রীর নাম মেগান। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যান হ্যারি–মেগান। সেখান থেকে রাজপরিবার নিয়ে বিভিন্ন সমালোচনা করেন তাঁরা। এতে পরিবারে সঙ্গে তাঁদের বড় ধরনের বিরোধ সৃষ্টি হয়। ফলে কয়েক বছর বাবা চার্লস ও বড় ভাই উইলিয়ামের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি।
.
তবে রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সম্প্রতি পরিবারের সঙ্গে আবার দেখা–সাক্ষাৎ শুরু হয় হ্যারির। জিকিউ সাময়িকীকে তিনি বলেছেন, তিনি পরিবারের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চান। বিশ্বে যা কিছু ঘটছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের সঙ্গে পুনর্মিলন। হ্যারি বলেন, ‘কেউ কেউ চান না সম্পর্ক ঠিক হোক। কিন্তু আমি চাই, সবকিছু ঠিক হয়ে যাক।’
.
হ্যারির বয়স যখন ১২ বছর, তখন তাঁর মা প্রিন্সেস ডায়ানা সড়ক দুর্ঘটনায় নিহত হন। সাক্ষাৎকারে নিজের জীবনে মায়ের মৃত্যুর প্রভাব নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি যুক্তরাজ্যে আবার ফিরে আসার কারণও ব্যাখ্যা করেন। হ্যারি বলেন, সন্তানদের ব্রিটিশ স্কুলে পড়ানোর সুযোগ তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ। সন্তানেরা দুই সপ্তাহ হলো ব্রিটিশ স্কুলে যাওয়া শুরু করেছে। তারা বিষয়টি খুবই উপভোগ করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর সঙ্গে দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন হ্যারি। সংবাদমাধ্যমের সঙ্গে এই বিরোধই তাঁর যুক্তরাজ্য ত্যাগের একটি কারণ ছিল বলে জানান তিনি। বিভিন্ন সংবাদপত্রের মালিকপক্ষের বিরুদ্ধে একাধিক মামলাও করেছেন হ্যারি। তিনি বলেন, আশা করছেন পরিস্থিতির পরিবর্তন হবে।





















