চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম
- আপডেট সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

ফ্যাশনে কিছু নকশা আছে, যেগুলোর আবেদন সময়ের সঙ্গে ফুরিয়ে যায় না, বরং বাড়ে। লেপার্ড প্রিন্ট বা চিতাবাঘের ছাপ তেমনই এক নকশা। কখনো সাহসী, কখনো আভিজাত্যের প্রতীক—এই প্রিন্ট ফ্যাশনের দুনিয়ায় বারবার ফিরে আসে নতুন রূপে। এবার সেই পুরোনো ট্রেন্ডকেই নিজের মতো করে তুলে ধরলেন কিম কার্দাশিয়ান।
শনিবার ইতালির রোমে ২১তম রোম চলচ্চিত্র উৎসবে ‘অল’স ফেয়ার’ সিরিজের দ্বিতীয় মৌসুমের বিশ্ব প্রিমিয়ারে লালগালিচায় তাঁর পরনে ছিল আশির দশকের একটি ভিনটেজ গাউন।
ফরাসি ফ্যাশন হাউস ইভ সাঁ লরাঁর ১৯৮৬ সালের ফল ওত কতুর সংগ্রহের একটি গাউন পরে তাক লাগান কিম ।
স্ট্র্যাপলেস, করসেট ধাঁচের এই পোশাকের গভীর গলার কাটে ফুটে উঠেছে সাহসী ফ্যাশনের ছাপ।
বডিহাগিং গাউনটির পুরোটা জুড়েই চিতাবাঘের ছাপ। বাদামি, কালো ও সোনালি আভায় তৈরি নকশাটি পোশাককে দিয়েছে নজরকাড়া উপস্থিতি।
গাউনের পেছনের অংশে ফিতা দিয়ে বাঁধা করসেটের নকশা। নিচের দিকে ছড়িয়ে পড়েছে দীর্ঘ স্কার্টে চিতাবাঘের ছাপের নকশা।
এই লুকের অন্যতম আকর্ষণ পোশাকের সঙ্গে মিলিয়ে নেওয়া স্কার্ফ। কখনো কাঁধে, কখনো মাথায় স্কার্ফের মতো জড়িয়ে নিয়েছেন কিম।
কিমের সাজের পেছনে ছিলেন স্টাইলিস্ট ল রোচ, যিনি অভিনেত্রী জেন্ডায়ার ফ্যাশন নিয়েও কাজ করেন। পুরোনো সংগ্রহের পোশাককে সমসাময়িক অনুষঙ্গে সাজিয়ে তোলার এই প্রয়াসে কিমের লুক হয়ে উঠেছে একই সঙ্গে ভিনটেজ ও আধুনিক।
তাঁর সাজের আরেকটি নজরকাড়া দিক ছিল ন্যুড মেকআপ। বাড়তি সাজসজ্জা এড়িয়ে পোশাককেই মূল আকর্ষণ করে তুলেছেন স্টাইলিস্ট। কোনো গয়নাও পরেননি কিম।
রোমের লালগালিচায় কিমের এই উপস্থিতি তাঁর ৪৬তম জন্মদিন উদ্যাপনের সপ্তাহজুড়ে নজরকাড়া সাজে হাজির হওয়ার ধারাবাহিকতারই অংশ। এর আগে তাঁকে দেখা গেছে নানা সাহসী লুকে।
তবে এবার আলোচনার কেন্দ্রে আশির দশকের চিতাবাঘের ছাপের গাউন আর মাথায় জড়ানো স্কার্ফ।
কিমের এই সাজ মনে করিয়ে দিল, ফ্যাশনে পুরোনো নকশা ফিরে এলেও সঠিক উপস্থাপনায় তা সহজেই হয়ে উঠতে পারে সময়ের আলোচিত ট্রেন্ড।
























