পেট্রলপাম্প থেকে তেল নিয়ে পালাচ্ছিলেন দুজন, পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক
- আপডেট সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দুটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালাচ্ছিলেন দুই মোটরসাইকেলচালক। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করে পুলিশে দিয়েছেন ফিলিং স্টেশনের লোকজন। গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার চুয়াডাঙ্গা ফিলিং স্টেশন ও হাইওয়ে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) এবং একই উপজেলার নিয়ামতপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে শান্ত রহমান (২০)।
.
দুজনের বিরুদ্ধে মালিকপক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.
চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থিত ‘চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের’ মালিক তসলিম আরিফ জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক।
তসলিম আরিফ বলেন, গতকাল রাত ৯টা ৪৮ মিনিটে দুটি মোটরসাইকেল নিয়ে তাঁর পাম্পে এসে মোট ১ হাজার ৭৫০ টাকার তেল নেন দুজন। একজন মবিল নেওয়ার কথা বলে কর্মচারীকে পাম্পের কার্যালয়ে পাঠান এবং দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এরপর রাত ১০টা ২৫ মিনিটে তাঁরা চুয়াডাঙ্গা–ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে যান। একই কৌশলে তাঁরা দুটি মোটরসাইকেলে ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে ঝিনাইদহের দিকে পালিয়ে যান।
.
তসলিম আরিফ প্রথম আলোকে বলেন, চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে হাইওয়ে ফিলিং স্টেশনকে জানানো হয়েছিল। এ কারণে তেল নিয়ে পালানোর সঙ্গে সঙ্গে তাঁদের ধাওয়া করা হয়। পাশাপাশি বিষয়টি সরোজগঞ্জ এলাকার পেট্রলপাম্পের মালিককে জানানো হয়। পরে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ সুপারকে জানালে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।
দুজনের বিরুদ্ধে মালিকপক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।























