গাড়িচাপায় হত্যাচেষ্টার শিকার অস্ট্রেলিয়ার নারী এমপি দুই পা-ই হারালেন
- আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার শিকার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্সের দুই পা-ই শেষ পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর স্বামী ফিল হেইন্স।
গত সোমবার বিকেলে ওয়াঙ্গারাতায় নিজ কার্যালয়ের সামনে ইন্ডাই নির্বাচনী এলাকার এই জনপ্রিয় নারী রাজনীতিককে ল্যান্ড ক্রুজার ফোর-হুইল গাড়ি দিয়ে কয়েক দফায় ধাক্কা দিয়ে গাড়িচাপা দেওয়া হয়। ঘটনাস্থলে তাঁর একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চিকিৎসকেরা তাঁর অন্য পা-টি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালেও তা রক্ষা করা সম্ভব হয়নি।
.
এমপি হেলেনের স্বামী ফিল হেইন্স শান্ত ও স্পষ্ট কণ্ঠে বলেন, তাঁর স্ত্রী একটি ‘ভয়াবহ দুর্ঘটনা’ থেকে বেঁচে ফিরেছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
ফিল হেইন্স বলেন, এসব কিছুর মধ্যে ভালো খবর হলো হেলেন বেঁচে আছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল।
হেলেনের স্বামী বলেন, ‘আমাদের পরিবারের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি মনে করি, আমরা যখন হেলেনকে নিয়ে ভাবি বা কথা বলি, পরিবার হিসেবে আমাদের কাছে হেলেনের দুটি দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁর হৃদয় ও মন।’
ফিল হেইন্স বলেন, হেলেনের হৃদয়টা অনেক বড়। তিনি অত্যন্ত সহানুভূতিশীল, যত্নশীল ও ভালোবাসায় পূর্ণ একজন মানুষ। তাঁর আশেপাশের সবাই, বিশেষ করে পরিবার, সমাজ কিংবা যার সঙ্গেই তাঁর দেখা হয়, সবাইকে তিনি অসম্ভব সমর্থন করেন। আর তাঁর মন, তিনি অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী।
.
ফিল হেইন্স তাঁর ৬৫ বছর বয়সী স্ত্রীকে একজন ‘লড়াকু’ মানুষ হিসেবে উল্লেখ করেন। এই দম্পতির দাম্পত্য জীবনের প্রায় ৪০ বছর পূর্ণ হয়েছে। তাঁদের তিনটি সন্তান এবং দুই নাতি-নাতনি রয়েছে। বক্তব্যের শেষভাগে স্ত্রীর শক্তির কথা বলতে গিয়ে তিনি কিছুক্ষণের জন্য আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্ত্রী সুস্থ হয়ে ওঠার সময়টাতে হেইন্স ‘সেভ দ্য চিলড্রেন’ তহবিলে অনুদান দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সংস্থাটির পক্ষ থেকে একটি বিশেষ আবেদনও চালু করা হয়েছে।
পুলিশ বলছে, সোমবারের এই হামলা উদ্দেশ্যপ্রণোদিত ছিল। পুলিশ ব্রেন্ডনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত হানা, ইচ্ছাকৃতভাবে মারাত্মক ক্ষতি করা এবং একজন সরকারি কর্মকর্তাকে আঘাত করার রাষ্ট্রীয় অপরাধের অভিযোগ এনেছে।
.
ওই ঘটনার পরই সেলুনকর্মী রিকি জেফরিসসহ স্থানীয় কয়েক বাসিন্দার সাহসিকতায় ঘটনাস্থল থেকে হামলাকারী ব্রেন্ডন নিউজান্টকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়। আদালতে নিউজান্টের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন এমপির পাশে দাঁড়িয়ে গভর্নর জেনারেল স্যাম মসটিন এ ঘটনাকে পুরো দেশের জন্য বড় এক ধাক্কা বলে উল্লেখ করেছেন। হামলার প্রতিবাদে এবং এমপির সুস্থতা কামনায় গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় ওডোঙ্গায় শত শত মানুষ জড়ো হয়ে মোমবাতি প্রজ্বালন ও সংহতি সমাবেশ করেন।
এই বর্বর হামলার পর অস্ট্রেলিয়ায় জনপ্রতিনিধি, বিশেষ করে নারী এমপিদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।


























