প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল
- আপডেট সময় : ১১:১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নগরের বিভিন্ন সড়কে চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। কোথাও নতুন করে পিচঢালাই করা হচ্ছে, কোথাও সড়ক বিভাজকে রং দেওয়া হচ্ছে। দেয়ালে আঁকা হচ্ছে চিত্রকর্ম। পরিষ্কার করা হচ্ছে সড়ক ও আশপাশের এলাকা। ফুটপাতের অবৈধ দখলও উচ্ছেদ করা হচ্ছে। একই সঙ্গে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চ নির্মাণসহ চলছে নানা প্রস্তুতি।
আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের কথা আছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে চলছে তাঁকে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
গতকাল রোববার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শাহ মখদুম বিমানবন্দর থেকে শহরে প্রবেশের পথে বিভিন্ন সড়কে সংস্কারকাজ চলছে। কোথাও নতুন করে পিচঢালাই করা হচ্ছে, কোথাও সড়কের রেলিংয়ে রং দেওয়া হচ্ছে। রেলগেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কারের কাজ চলছে। মহিলা কলেজ রোডে দেয়ালচিত্র আঁকতে দেখা গেছে। সাহেববাজার এলাকাতেও ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। এর আগে ৬ থেকে ৮ অক্টোবর দরিখরবোনা মোড় থেকে মালোপাড়া, সরকারি মহিলা কলেজ এলাকা, বাটার মোড় ও নিউমার্কেট এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিটি করপোরেশন।জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠের পাশের সড়ক সংস্কার করা হয়েছে। মঞ্চ নির্মাণ ও মাঠ পরিষ্কারের কাজও চলছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান একাধিকবার মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পরিচ্ছন্নতা, দেয়ালে রং করা, সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণের কাজের অগ্রগতি দেখেন। প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একটা সুযোগ এসেছে। চলমান কাজগুলো এই ফাঁকে একটু দ্রুত করা হচ্ছে।
গতকাল মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান। এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা মাঠের প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল দুপুরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক। পরে সাংবাদিকদের তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের কথা বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য বিশেষ বার্তা দিতে পারেন।
প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়নের জন্য বিভিন্ন দাবি তুলে ধরার পরিকল্পনা আছে জানিয়ে এই সংসদ সদস্য বলেন, এর মধ্যে আছে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এ ছাড়া রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবিও তুলে ধরা হবে।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল বেলা দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলা তিনটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।























