গাইবান্ধায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আজিজুল হক হত্যা মামলার প্রধান আসামি জসিজল হক ওরফে ডিপটিকে (৬৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
রোববার (১৮ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়নপুর গ্রামে তাছলিমুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জসিজল হক সাদুল্লাপুর উপজেলার ইসবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
এসআরবি জানায়, পৈতৃক জমি ও পারিবারিক বিরোধের জেরে গত ১৪ অক্টোবর দুপুরে জসিজল হক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আজিজুল হক ও তার স্ত্রী শাপলা খাতুনের বিরোধ হয়। মামলার এজাহার অনুযায়ী, এ সময় বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করা হয়। এতে আজিজুল হক মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর রাত ১০টা ৩৯ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা খাতুন সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় জসিজল হককে ১ নম্বর আসামি করা হয়।
এসআরবি-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিজল হককে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


























