এই জয় আমার কাছে ব্যক্তিগত: মিমি
- আপডেট সময় : ০৭:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বিনোদন জগতেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষ করে আরজি কর মেডিক্যাল কলেজকেন্দ্রিক আলোচিত ঘটনার প্রেক্ষাপটে নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়কে ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এই জয় তার কাছে কেবল রাজনৈতিক কোনো ঘটনা নয়; বরং এটি গভীরভাবে ব্যক্তিগত একটি অনুভূতির বিষয়। মিমি লিখেছেন, এই বিজয় তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তবে তিনি এটাও উল্লেখ করেন যে, কোনো বিজয়ই একজন মায়ের সন্তানের মৃত্যুর শোক পূরণ করতে পারে না।
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সরব ছিলেন মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি তিনি সরাসরি আন্দোলনেও অংশ নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার কারণে তাকে নানা ধরনের সমালোচনা ও হুমকির মুখেও পড়তে হয়েছে। তবুও তিনি তার অবস্থান থেকে সরে আসেননি এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থেকেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে যাদবপুর লোকসভা আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই দলীয় পদ ছেড়ে দেন।


























