কালিহাতীতে এমপির ভাইয়ের নির্দেশে হামলার অভিযোগ, আহত ৪
- আপডেট সময় : ১০:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের ভাইয়ের নির্দেশে এক শিক্ষকসহ বিএনপির চার নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার হলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— এলেঙ্গা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ফকির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলামিন হোসেন, প্রবাসী হাফিজুর রহমান এবং শিক্ষক শফিকুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, এমপি লুৎফর রহমান মতিনের ভাই আখতারুজ্জামান বাবুল তার ঘনিষ্ঠদের নিয়ে একটি প্রভাবশালী বলয় গড়ে তোলেন, যারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অপকর্মে জড়িত বলে দাবি করেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা জানান, বুধবার রাতে পূর্ব বিরোধের জেরে প্রথমে উজ্জ্বল সরকার নামে এক ব্যক্তির ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে আলামিন হোসেনের অফিসে ঢুকে অতর্কিত হামলা চালানো হয়। এতে সেখানে উপস্থিত চারজন গুরুতর আহত হন।
প্রবাসী হাফিজুর রহমান বলেন, ‘আমি বাজার করতে এসে কিছু সময়ের জন্য অফিসে বসেছিলাম। হঠাৎ ১৫-২০ জনের একটি দল এলোপাথাড়ি কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আমাদের আহত করে।’
আলামিন হোসেন অভিযোগ করে বলেন, ‘এমপির ভাইয়ের নির্দেশে তার ভাতিজা রকিব সিকদার ও রুবেল সিকদারসহ সন্ত্রাসীরা আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।’
আনোয়ার হোসেন ফকির বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। কিন্তু এখন এলাকায় দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা করা হয়েছে।’
তবে অভিযুক্ত আখতারুজ্জামান বাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে এমপি লুৎফর রহমান মতিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























