দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
- আপডেট সময় : ০৪:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক-এর পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের সাত আরোহী নিহত হন। আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার আফজাল হোসেন (৩৫), একই গ্রামের সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল চালবোঝাই ট্রাকটি। ভোররাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির ওপর থাকা ১৩ জন চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ইকবাল বাহার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।




















