রণবীরের সিনেমা নিয়ে নীরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন
- আপডেট সময় : ০৯:০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

বক্স অফিসে ঝড় তোলা ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের মাঝেই সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ও রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোন। স্বামীর এই হিট সিনেমা নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেওয়ায় তাকে ঘিরে তৈরি হয়েছিল ‘নীরবতা’ বিতর্ক।
অবশেষে সমালোচনার জবাব দিয়েছেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, আমি তো অনেক আগেই ছবিটা দেখে ফেলেছি, তোমাদের সবার আগেই। এরপরই মজার ছলে ট্রোলারদের খোঁচা দিয়ে তিনি যোগ করেন, এবার বলো কার মজা হলো?
দীপিকার এই সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সিনেমা সংশ্লিষ্টদের মতে, তার এই প্রতিক্রিয়া অনেকটাই বিতর্কের উত্তাপ কমিয়ে দিয়েছে।
এরপর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মন্তব্য করেন, সবসময় প্রকাশ্যে সমর্থন জানানো বাধ্যতামূলক নয়। আবার অনেকে কটাক্ষ করে লেখেন, একই বাড়িতে থাকার পর আলাদা করে প্রতিক্রিয়ার প্রয়োজন কী ছিল।
এর আগে সিনেমাটির প্রথম পর্ব মুক্তির সময় দীপিকা প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। এবার তিনি তুলনামূলকভাবে নীরব থাকলেও ব্যক্তিগতভাবে সমর্থন দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন থ্রিলার ইতিমধ্যেই হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এবং বক্স অফিসে ভালো অবস্থান ধরে রেখেছে।























