কালীগঞ্জে মাছের আড়তে সশস্ত্র হামলা, তিন ব্যবসায়ীর টাকা লুট
- আপডেট সময় : ১০:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় তিন মাছ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে নগদ টাকা লুট করার ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে বারবাজারের ‘সোনারবাংলা’ মাছের আড়তে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী খাইরুল বাশার (৫০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালিয়ে খাইরুল বাশারের ড্রয়ার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়। বাধা দিতে গেলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়।
পরবর্তীতে হামলাকারীরা পার্শ্ববর্তী ‘কবির এন্ড ব্রাদার্স’ মাছের আড়তে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং ‘ভাই ভাই’ মাছের আড়তে ৪ লাখ ৬০ হাজার টাকা লুট করে। এ সময় দুই ব্যবসায়ীও মারধরের শিকার হন। হামলার পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও হিসেবে সংরক্ষিত আছে। হামলাকারীরা ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকিও দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজি ও সহিংসতার জন্য পরিচিত। পূর্ব বিরোধের জের ধরেই এই হামলা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন জানান, বাজার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। অভিযোগ তদন্তাধীন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






















