সৌদি আরবে এক সপ্তাহে ১৪,২৪২ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

সৌদি নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে মোট ১৪ হাজার ২৪২ জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার করেছে। এছাড়া ২৩ হাজার ৮১৫ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৬ হাজার ৮০৮ জনকে ভ্রমণ রিজার্ভেশন সম্পন্ন করার জন্য প্রেরণ করা হয়েছে এবং ৬ হাজার ২৮৫ জনকে নির্বাসিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই গ্রেপ্তার অভিযান সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ৮৮৪ জন রেসিডেন্সি আইন, ৩ হাজার ৯৪৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৪১০ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন।
সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে মোট ১ হাজার ৪৪৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৭১ শতাংশ ইথিওপীয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে রাজ্য ত্যাগের চেষ্টা করায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং কর্মসংস্থান দেওয়ার সঙ্গে জড়িত প্রায় ২৫ জনকেও আটক করা হয়েছে। বর্তমানে ৩২ হাজার ৩০৯ জন পুরুষ এবং ৪ হাজার ০৫৬ জন নারীসহ মোট ৩৬ হাজার ৩৬৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় সতর্ক করেছে, কোনো ব্যক্তি যদি রাজ্যে অবৈধভাবে অন্যকে প্রবেশ করাতে, পরিবহন বা আশ্রয় দিতে সাহায্য করে, তবে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ভোগ করতে হতে পারে। একই সঙ্গে ব্যবহৃত যানবাহন বা বাড়ি বাজেয়াপ্ত হবে।
বাংলাদেশী প্রবাসীরাও গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। অনেক প্রবাসী দালালদের খপ্পরে পড়ে আকামা না পাওয়া বা মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন না করতে পারার কারণে এ আতঙ্কে রয়েছেন। ইতোমধ্যেই অনেককে দেশে ফেরানো হয়েছে, বাকিদের পাঠানোর প্রক্রিয়া চলছে।























