ট্রেনে কাটা পড়ে মা ও শিশুপুত্রের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) এবং তার দুই বছর বয়সী ছেলে রুদ্র দাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তা এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন এলাকায় পৌঁছানোর সময় ওই নারী তার শিশুপুত্রকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে ট্রেনটি এগিয়ে আসতে দেখে তিনি ছেলেকে ধাক্কা দিয়ে রেললাইন থেকে সরিয়ে দেন। এতে শিশুটি গুরুতর আহত অবস্থায় বেঁচে গেলেও মা নিজে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পরে গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটির মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















