জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামবে জনগণ: মোবারক হোসাইন
- আপডেট সময় : ০৩:৪৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন বলেছেন, জনগণের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) কুষ্টিয়া শহরের হাজী শরিয়ত উল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে জেলার ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মোবারক হোসাইন বলেন, জুলাই সনদ কেবল একটি দাবি নয়; এটি জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দীর্ঘদিন ধরে সনদ বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত না হলে জনমনে হতাশা বাড়বে।
তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে জনগণের দাবি মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
এ সময় তিনি সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আবু সাদিক, জেলা সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিন। এছাড়া কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে পৃথক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা বিভাগের দায়িত্বশীলরা অংশ নেন। সমাবেশে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নারীদের সামাজিক ভূমিকা বৃদ্ধি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সকল পর্যায়ের দায়িত্বশীলদের ঐক্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


























