পহেলা বৈশাখ উদযাপনে জাসাসের ব্যাপক প্রস্তুতি
- আপডেট সময় : ১২:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

আগামী ১লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদীপনার সঙ্গে উদযাপন করতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এবারের বর্ষবরণের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা বৈঠকে বর্ষবরণের যাবতীয় পরিকল্পনা ও আয়োজনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, সাবেক সহসভাপতি শায়রুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবু এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পহেলা বৈশাখে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। মতভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়। শায়রুল কবির খান জানান, প্রতি বছরের মতো এবারও জাসাস বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করবে, যেখানে সংগীত, নৃত্য ও দেশীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো হবে।
তিনি আরও বলেন, ১লা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ। অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করতে জাসাসের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করেছেন। শিগগিরই পাঁচটি উপকমিটি গঠন করা হবে, যা আয়োজনের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।
বৈঠক শেষে জানানো হয়, ১লা বৈশাখ সকালে রাজধানীর রমনা পার্কের রাণী মঞ্চে জাসাসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।


























