সাঘাটায় ভিক্ষুক পুনর্বাসনে অটোভ্যান বিতরণ
- আপডেট সময় : ১১:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে দুই উপকারভোগীর হাতে অটোভ্যান বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সাঘাটা উপজেলা সমাজসেবা কার্যালয় এই সহায়তা প্রদান করে। সুবিধাভোগীরা হলেন সোনাভান ও শুকুর আলী।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর আনুষ্ঠানিকভাবে অটোভ্যানগুলো উপকারভোগীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলমসহ অন্যান্য সংশ্লিষ্টরা।
‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশিক্ষণ, মূলধন সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
সংশ্লিষ্টরা জানান, অটোভ্যানসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে উপকারভোগীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করে ভিক্ষাবৃত্তিমুক্ত, স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।


























