চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ১, আহত ৪
- আপডেট সময় : ০৫:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনেপুকুর এলাকায় লামিসা রেস্টুরেন্টের দক্ষিণ পাশে বুধবার (২ তারিখ) দুপুরে একটি কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরা হজ শেষে ফেরা যাত্রীদের নিয়ে কক্সবাজার জেলার ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের বিলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয় এবং আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জানা গেছে, নিহত ও আহতরা সবাই কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা। তারা সৌদি আরব থেকে ওমরা পালন শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
দুর্ঘটনার পর নিহতের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দীর্ঘদিন ধরে সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
এলাকাবাসী জানান, গত প্রায় ১৩ মাস ধরে আন্দোলন করেও তারা কার্যকর কোনো পদক্ষেপ দেখেননি। দ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত না করলে ভবিষ্যতেও এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

















