ডিসির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার– ঝিনাইদহে জিডি, তদন্ত শুরু
- আপডেট সময় : ০৪:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি ঘিরে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ৩০ মার্চ রাতে ঝিনাইদহ সদর থানায় জিডিটি করেন জেলা প্রশাসক, যার নম্বর ১৬৮০।
জিডি সূত্রে জানা যায়, ২৬ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক তাঁর সরকারি বাসভবনে অবস্থানকালে ‘Leo Cypher’ নামক একটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হয়। পরদিন ২৭ মার্চ রাতে ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামের একটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের পোস্ট দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে ‘Abdul Mannan Swapon’ নামে একটি আইডি থেকেও জেলা প্রশাসককে লক্ষ্য করে আপত্তিকর পোস্ট করা হয়েছিল। জেলা প্রশাসকের ধারণা, একই ব্যক্তি বা তার প্ররোচনায় এসব ভুয়া আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে।
জিডিতে তিনি উল্লেখ করেন, ধারাবাহিক এ ধরনের অপপ্রচারের কারণে তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং সরকারি দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সংশ্লিষ্ট আইডিগুলোর অবস্থান শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


























