সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত
- আপডেট সময় : ১১:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে বাসটি মহাসড়কের পাশে থেমে যায়। পরে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেললাইনে বসে ছিলেন।
এ সময় দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ৫ জনই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও রেলওয়ে সংশ্লিষ্টরা পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















