ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছাশ্রমে রাস্তাঘাট পরিষ্কার করল যুবসমাজ
- আপডেট সময় : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ২৭০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। একই ধারাবাহিকতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড সহ আশেপাশের রাস্তাঘাট স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে স্থানীয় যুবসমাজ।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আউয়াল এ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজকর্মী ফখরুল হাসান শুভ, সাংবাদিক মিজানুর রহমান, এটিএম আব্দুর রহিম, আনিসুর রহমান, আবু রায়হান, আল-আমিন, মাহফুজার রহমান, মাহবুবুর রহমান, নাহিদ ইসলাম, নিসাত মিয়া, আব্দুল কাদের, হাফেজ দেলাওয়ার হোসাইন সহ অনেকে।
শুক্রবার সকাল থেকেই দলবদ্ধভাবে হাতে ঝাড়ু ও পরিষ্কার সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেন তারা। এতে অংশ নেয় বিভিন্ন বয়সী তরুণরা। তাদের এই উদ্যোগে খুশি এলাকাবাসীও। তারা বলেন, ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


























