ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মাঠে রয়েছে: ডা. জিয়াউল ইসলাম জিয়া
- আপডেট সময় : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বলেছেন, ‘দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মাঠে রয়েছে। আমি নির্বাচিত হলে সুন্দরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণই আমাদের শক্তি, জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন আনতে চাই।’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দিনভর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।
ডা. জিয়া আরও বলেন, ‘এই এলাকার উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও জনগণের পাশে থাকা নেতৃত্ব প্রয়োজন। আমি কথা নয়, কাজের মাধ্যমেই সুন্দরগঞ্জকে এগিয়ে নিতে চাই।’
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, জেলা বিএনপির সদস্য মো. আনোয়ারুল ইসলাম শাহান, মো. মাসুম পারভেজ মঞ্জু, উপজেলা ওলামা দলের সভাপতি মো. শহিদুল ইসলাম, কঞ্চিবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আন্না কায়সায়, সদস্য সচিব মো. আবদুল হামিদ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা গণসংযোগে সার্বিক সহযোগিতা করেন।

























